জাতীয়

কর ফাঁকি দিয়ে দুবাই থেকে আনা ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

কর ফাঁকি দিয়ে দুবাই থেকে আনা ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
ছবিঃ সংগৃহীত

শুল্ক-কর ফাঁকি দিয়ে দুবাই থেকে আনা প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ সোহেলের সঙ্গে থাকা তিনটি ব্যাগেজ তল্লাশি করা হয়।

তল্লাশিতে ‘Mond’ ব্র্যান্ডের ১৫০ কার্টন এবং ‘Esse Lights’ ব্র্যান্ডের ৮৫ কার্টনসহ মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানায়, জব্দ করা সিগারেটগুলো ডিটেনশন মেমোর মাধ্যমে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউসে হস্তান্তর করা হয়েছে। শুল্ক-করসহ এসব সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। পণ্যগুলোর ওপর প্রযোজ্য মোট শুল্ক-কর ৬২১ দশমিক ৬৩ শতাংশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।