জাতীয়
জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও স্থায়ী জীবিকা নিশ্চিত করতে সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত যোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবিকার বিষয়ে খোঁজখবর নেন।
উপহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকার মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় সক্রিয়ভাবে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। বর্তমানে তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার রয়েছে। তাকে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হয়েছে।
এছাড়া কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা এবং বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।