জাতীয়

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫৩ পিএম

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন
ছবি: সংগৃহীত

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ৬টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, রাষ্ট্রপতি নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে বিভিন্ন দায়িত্ব ভাগ করে কমিটিগুলো গঠন করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়া শেষে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে- মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি। এছাড়া প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি গঠন করা হয়েছে।

সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে আসন ব্যবস্থাপনা কমিটি এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে অভ্যর্থনা কমিটিও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রয়োজন অনুযায়ী এসব কমিটি তাদের কার্যক্রমে অতিরিক্ত জনবল যুক্ত করতে পারবে। চিঠি পাওয়ার পর দ্রুত সভা আহ্বান করে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকমিটির আহ্বায়করা নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে অগ্রগতি জানাবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।