জাতীয়
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, প্রজ্ঞাপন জারি
জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে নতুন করে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত এ কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী ও কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সম্প্রতি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির মূল দায়িত্ব হবে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫-এর প্রতিবেদন বিশ্লেষণ করে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও রাখবে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং এ সংক্রান্ত প্রশাসনিক সহায়তা প্রদান করবে অর্থ বিভাগ।
এর আগে গত ২১ এপ্রিল নবম জাতীয় বেতন কাঠামো পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ যাচাইয়ে একটি পৃথক কমিটি পুনর্গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে গঠিত ১০ সদস্যের সেই কমিটি ‘সচিব কমিটি’ নামে পরিচিত।
নতুন গঠিত সাত সদস্যের কমিটি জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করে সরকারের কাছে চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করবে।
উল্লেখ্য, নবম জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।