জাতীয়
ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা
এক বছর মেয়াদি একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ভিসা বৈধ থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আজ ববিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে।
জুলাইয়ে চালু হওয়া একাধিকবার প্রবেশের এই ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। তবে পুরো ভিসার মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন সৌদিতে অবস্থান করা যাবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিবার ভ্রমণের আগে নতুন করে অনুমোদিত সেবা প্যাকেজ বুক করতে হবে। প্যাকেজটির মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।
এ ছাড়া সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপ থেকে ওমরাহর অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে উল্লেখিত তারিখ অবশ্যই সেবা প্যাকেজের তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
প্রথমবার সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে নুসুকে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার পর ভিসার আবেদন ও অন্যান্য নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরবর্তী প্রতিটি সফরেও একইভাবে প্রয়োজনীয় সেবা প্যাকেজ ও ওমরাহর অনুমতি নিতে হবে।
অর্থাৎ, এক বছরের একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসা থাকলেই প্রতিবার ওমরাহ পালনের জন্য আলাদা প্রক্রিয়া ছাড়াই সৌদি যাওয়া যাবে না। প্রতিটি সফরের আগে নির্ধারিত সেবা প্যাকেজ বুকিং ও ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক।