জাতীয়
মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে: মৎস্যমন্ত্রী
মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
আজ সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) আয়োজনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ‘স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মৎস্যসম্পদ: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বে খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদা বেশি। তাই বাংলাদেশে নিরাপদ ও গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে মৎস্যপণ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করা জরুরি। সরকার ইতোমধ্যে মাছ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
মৎস্যমন্ত্রী আরও বলেন, কৃষিতে অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহারসহ বিভিন্ন পরিবেশগত চাপ মাছের প্রাকৃতিক উৎপাদন ও প্রজনন বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবেশসম্মত ও আধুনিক উৎপাদন পদ্ধতি গ্রহণ করতে হবে। সীমিত জায়গায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক মাছ উৎপাদনের সুযোগও কাজে লাগাতে হবে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্যপণ্যের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় মিঠাপানির মাছের বড় বাজার রয়েছে। তাদের চাহিদাকে কাজে লাগিয়ে মৎস্যপণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব।
তবে রপ্তানি বাড়াতে শুধু বাংলাদেশিদের পছন্দের মাছ উৎপাদন করলেই হবে না; যে দেশে মাছ রপ্তানি করা হবে, সেই দেশের মানুষের চাহিদা ও পছন্দ বিবেচনায় নিয়ে উৎপাদন পরিকল্পনা করতে হবে।
চিংড়ি, কাঁকড়া ও কুচিয়াসহ বিভিন্ন জলজ প্রাণীর রপ্তানি সম্ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উৎপাদনের পাশাপাশি পোনা ও প্রজনন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। আধুনিক প্রযুক্তিতে কৃত্রিমভাবে পোনা উৎপাদন ও লালন-পালন করা গেলে উৎপাদন ও রপ্তানি বহুগুণ বাড়ানো সম্ভব।
মাছের উৎপাদন বাড়াতে নিরাপদ খাদ্য, পরিবেশ সুরক্ষা, আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদার মধ্যে সমন্বয় ঘটানোর ওপরও গুরুত্ব দেন তিনি। সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক ও পেশাজীবীদের পরামর্শ এক্ষেত্রে সরকারের কার্যক্রমকে আরও কার্যকর করবে বলেও মন্তব্য করেন।