জাতীয়

শিক্ষার্থীদের দায়িত্ব শিক্ষকের, শিক্ষকদের দায়িত্ব রাষ্ট্রের: শিক্ষামন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

শিক্ষার্থীদের দায়িত্ব শিক্ষকের, শিক্ষকদের দায়িত্ব রাষ্ট্রের: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্ব জাতি শিক্ষকদের হাতে তুলে দিয়েছে। তাই এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অন্যদিকে শিক্ষকদের সুযোগ-সুবিধা ও অসুবিধার বিষয়গুলো দেখার দায়িত্ব রাষ্ট্রের।

মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) সদ্য জাতীয়করণকৃত সরকারি কলেজগুলোর শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের নিজের সন্তানের মতো। তাই প্রত্যেক শিক্ষককে নিজের সন্তানের মতো করে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। একই সঙ্গে পেশার প্রতি ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, নিজের পেশাকে ভালোবাসতে না পারলে কাজ উপভোগ করা যায় না। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাই তাদেরও যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ কারণে বর্তমান সরকার শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। নায়েমের পরিচালক অধ্যাপক মো. শাহজাহান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

৪৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে মোট ৯টি ভেন্যুতে ৫২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।