জাতীয়

হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

চিকিৎসাসেবায় অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে গাফিলতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালে অনিয়ম ও দুর্নীতি থাকবে, নাকি তিনি দায়িত্বে থাকবেন, তা মেনে নেওয়া হবে না।

শুক্রবার দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম পর্যালোচনা করতে গিয়ে বেশ কিছু অনিয়ম তার নজরে আসে। পরে তিনি ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।

রোগী ও স্বজনরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রে চিকিৎসকদের পাওয়া যায় না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নার্সদের দায়িত্বে অবহেলা ও অসহযোগিতার অভিযোগও করেন তারা।

অভিযোগগুলো শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা কিংবা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না।