জাতীয়

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশ পুনর্গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে দেশের অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের পুনর্গঠনের দায়িত্ব তরুণদের নিজেদের কাঁধে নিতে হবে। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ যে পরিবর্তনের সক্ষমতা দেখিয়েছে, সেটি সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে। এবার একইভাবে দেশ পুনর্গঠনে তাদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘এতগুলো মানুষ—আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে দেশটা কীভাবে আমরা গড়ে তুলব। এই দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে।’

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস দেশব্যাপী ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ ডেঙ্গু নির্মূল করা সম্ভব না হলেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। এ জন্য সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে দেওয়ার আহ্বান জানান তিনি।

আগামী দিনের লক্ষ্য হিসেবে তিনি ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেঙ্গুর সম্ভাব্য সর্বোচ্চ ঝুঁকি বিবেচনায় নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। তিন মাসের এই কর্মসূচি ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করা হবে।

অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা (ডিসি) কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।