জাতীয়

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৫৫


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৫৫
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ঢাকাতেই মারা গেছে ৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামের কারণে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯১৯ জন মারা গেছেন।

এ সময়ে সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জনে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ হাজার ৬ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত প্রায় ছয় মাসে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২০২ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।