জাতীয়
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি।
রোববার, ১৩ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
নিউইয়র্ক সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পার্শ্ববৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। এর পাশাপাশি বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকের অনেক সিদ্ধান্তই শেষ মুহূর্তে নেওয়া হয়।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গেলে কার কার সঙ্গে বৈঠক হবে, তা যথাসময়ে জানানো হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনে একটি বিশেষ পার্শ্ববৈঠক আয়োজনের কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।