জাতীয়
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে পাঠানো হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
সোমবার ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা ৫০ মিনিটে একটি বিশেষ চিকিৎসা উড়োজাহাজে করে তিনি ঢাকা ছাড়েন। বিশেষায়িত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া ক্যাপ্টেন মহিউদ্দিনের সঙ্গে একটি চিকিৎসক দল ও একজন সহকারী রয়েছেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে উদ্ধার করে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তাসনিম রিফাত ও আবু বকর সিদ্দিক পিয়াস নামের দুই সেনাসদস্য নিহত হন। ফায়ারিং অনুশীলনের সময় কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।