জাতীয়
যে দেশের ইলিশ যায় ভারতে, এবার সেই দেশেই এলো ৫০০ টন ভারতীয় ইলিশ
বাংলাদেশের ইলিশ সাধারণত ভারতের বাজারে রপ্তানি করা হয়। তবে এবার ইলিশের বাণিজ্যে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। ভারত থেকেই বাংলাদেশে আমদানি হচ্ছে ইলিশ। গত দুই মাসে ভারতের গুজরাট থেকে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে এসেছে। ব্যবসায়ীদের ধারণা, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ দেশে আসতে পারে।
ভারতের সংবাদমাধ্যম ও বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
হাওড়ার পাইকারি মাছ আমদানিকারকদের সংগঠনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাছ পাঠানো হলেও এবার ইলিশ আমদানির বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ বাংলাদেশে পাঠানো হয়।
বাংলাদেশে আসা ভারতীয় ইলিশের বড় একটি অংশ সংগ্রহ করা হচ্ছে গুজরাট থেকে। ভরুচ বন্দর দিয়ে এসব ইলিশের চালান বাংলাদেশে পাঠানো হচ্ছে। পাশাপাশি হাওড়ার পাইকারি মাছের বাজার থেকেও কিছু ইলিশ বাংলাদেশে যাচ্ছে।
ব্যবসায়ীদের ভাষ্য, গুজরাটের ইলিশ ভারতের স্থানীয় বাজারে খুব বেশি জনপ্রিয় নয়। এসব ইলিশে তুলনামূলকভাবে ডিম বেশি থাকে এবং স্বাদে কিছুটা নোনাভাব রয়েছে। ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে এ মাছের চাহিদা সীমিত।
অন্যদিকে বাংলাদেশের কিছু অঞ্চলে ডিমওয়ালা ইলিশের আলাদা চাহিদা রয়েছে। সেই চাহিদার কারণে গুজরাটের ইলিশের জন্য বাংলাদেশে নতুন বাজার তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
এ পরিস্থিতিতে ইলিশের বাণিজ্যে এবার দেখা দিয়েছে ব্যতিক্রমী চিত্র। যে বাংলাদেশ থেকে সাধারণত ইলিশ ভারতের বাজারে যায়, সেই বাংলাদেশেই এখন প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি হচ্ছে ইলিশ।