জাতীয়
ডোপ টেস্টে মাদক শনাক্ত, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত
ডোপ টেস্টে মাদক শনাক্ত হওয়ায় পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ২০২৬ কোর্স চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন এবং অ্যামফিটামিন বা মেথঅ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়।
গত বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার হিসেবে কর্মরত। বর্তমানে তিনি রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। মিরপুর সেনানিবাসে চলমান সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে রওনা হন।
কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন এবং অ্যামফিটামিন বা মেথঅ্যামফিটামিন শনাক্ত হয়। পরীক্ষার ফলাফলকে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের কোর্সের শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।
সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮-এর বিধি ৩-এর খ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড অসদাচরণ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। একই বিধিমালার ১২-এর ১ অনুযায়ী, গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।