জাতীয়
ড্রোনে করে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ঢুকছে: আইনমন্ত্রী
পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে ড্রোনের মাধ্যমে মাদক দেশে ঢোকানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক বাংলাদেশে চাপিয়ে দেওয়া হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা মাদক পাচারের পরিকল্পনা করছে। এরপর ড্রোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, মাদক এখন আর শুধু খুলনার সমস্যা নয়, এটি সারা দেশের সমস্যা। এ কারণে সারা দেশে মাদক শনাক্তকরণ পরীক্ষা বা ডোপ টেস্টের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।
সন্ত্রাস দমন প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস দমনে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথে যাবে না। মানবাধিকার রক্ষা করে প্রয়োজনে প্রচলিত আইন আরও শক্তিশালী করার মাধ্যমে সন্ত্রাস দমন করা হবে।
সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, সরকারকে রাষ্ট্রের নানা অনিয়ম ও অব্যবস্থা দূর করার জন্য সময় দিতে হবে। রাষ্ট্র ব্যবস্থায় যে পচন ধরেছে, তা সারিয়ে তোলার চেষ্টা চলছে। ছয় মাসের মধ্যেই সাংস্কৃতিক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যান চলাচল ব্যবস্থার উন্নয়নেও কাজ করা হচ্ছে।
খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।