জাতীয়

দুর্নীতি নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

দুর্নীতি নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভা সূত্রে জানা গেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিব সভা শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে সভা শেষ হয়। এতে ৬১ জনের বেশি সচিব অংশ নেন।

সভায় দুর্নীতি দমন কমিশনের সচিব সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরেন। মন্ত্রিপরিষদ সচিব ওই প্রস্তাব গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেন।

সভা সূত্রে জানা গেছে, শিগগিরই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। কমিটিগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

সম্প্রতি প্রশাসনে কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। গত ১৩ সেপ্টেম্বর ভোলায় নিজ নির্বাচনি এলাকায় দেওয়া এক বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার বক্তব্যের পর প্রশাসনে দুর্নীতির বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সচিব সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। কয়েকজন সচিব মত দেন, বর্তমান বাস্তবতায় প্রশাসনে দুর্নীতি নিয়ে মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ পরিস্থিতিতে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মত দেন তারা।

সভায় সরকারি চাকরির শূন্যপদ দ্রুত পূরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাতে কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি কার্যালয়গুলোতে সৌর প্যানেল স্থাপনের বিষয়েও সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সচিবদের এ বৈঠক মূলত অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাগিদ দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে। কীভাবে কাজের দক্ষতা বাড়ানো যায় এবং কোন কাজ কীভাবে করতে হবে, এসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলো নিয়ে সাধারণত দপ্তরগুলোতে কাঠামোবদ্ধভাবে আলোচনা হয়। তবে এ বৈঠকে বিদ্যুতের চলমান সমস্যা এবং পরদিন কী কী পদক্ষেপ নেওয়া যায়, কীভাবে এসব সমস্যা মোকাবিলা করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, অগ্রাধিকার প্রকল্পগুলোর বিষয়েও আলোচনা হয়েছে। প্রত্যেক সচিবকে নিজ নিজ জেলার দায়িত্বের বিষয়ে মাঠপর্যায়ে খোঁজ নিতে বলা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে কী ধরনের সমস্যা হচ্ছে, তা জনগণের সঙ্গে কথা বলে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় দক্ষতা এবং সংস্কারের বিষয়গুলো নিয়েও কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিষয়ে কাজ করে পরবর্তী সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে, যাতে সম্মিলিতভাবে কাজের মান আরও উন্নত করা যায়।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হলো। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়।