জাতীয়
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩৪৩
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৩ জন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬১ জন। ফলে একই সময়ের মধ্যে অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন।
মৃত্যুর হিসাবেও পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৪৬ শিশুর মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।