জাতীয়

আজ মহান শিক্ষা দিবস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

আজ মহান শিক্ষা দিবস
ছবি: সংগৃহীত

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসকদের অগণতান্ত্রিক ও ছাত্রস্বার্থবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ অনেকে শহীদ হন। তাদের স্মরণে প্রতিবছর ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস পালন করা হয়।

১৯৬২ সালে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের চাপিয়ে দেওয়া শিক্ষানীতির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ তীব্র আন্দোলন গড়ে তোলে। গণবিরোধী শিক্ষানীতি বাতিল, সবার জন্য শিক্ষার অধিকার ও সুযোগ নিশ্চিত এবং গণমুখী, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সহজলভ্য আধুনিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন ক্রমেই জোরদার হয়।

সামরিক শাসনবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় আগস্ট থেকে আইয়ুব খানের শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি শুরু হয়। এসব কর্মসূচির মধ্য দিয়ে ১৭ সেপ্টেম্বরের আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। একপর্যায়ে ছাত্রসমাজের আন্দোলনের প্রতি সাধারণ মানুষের সমর্থনও বাড়তে থাকে।

১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্ররা মিছিল বের করলে হাইকোর্টের সামনে পুলিশ গুলি চালায়। এতে গোলাম মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ অনেকে শহীদ হন। এরপর থেকেই দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আন্দোলনের পর তৎকালীন আইয়ুব সরকার ছাত্র ও যুব নেতাদের ওপর দমনপীড়ন চালায়। ১৯৬৪ সালে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের নয় ছাত্রনেতার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়। তারা হলেন রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনো, সিরাজুল আলম খান, কে এম ওবায়দুর রহমান, বদরুল হায়দার চৌধুরী, শাহ মোয়াজ্জেম, রেজা আলী, গিয়াস কামাল চৌধুরী ও আইউব রেজা চৌধুরী।