জাতীয়
মাঝ আকাশে বিমানে বাঙালি যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন থেকে বাংলাদেশগামী একটি ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতরে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তর্ক থেকে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় একজন যাত্রীর টি শার্ট ছিঁড়ে যেতে দেখা যায়।
হঠাৎ এমন ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে এসে দুই যাত্রীকে আলাদা করার চেষ্টা করেন।
তবে কী কারণে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, তিনি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।