জাতীয়
ডিএমপির ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
ঢাকা মহানগর পুলিশের চার অতিরিক্ত উপপুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে। শনিবার, ১৯ সেপ্টেম্বর, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা ও বিশ্লেষণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের আর্থিক অপরাধ তদন্ত শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলের ঘটনায় পুলিশের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনার পর গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর পরই ডিএমপির চার অতিরিক্ত উপপুলিশ কমিশনারের দায়িত্বে এই রদবদল করা হলো।