জাতীয়

মানব-হাতি সংঘাত কমাতে সমন্বিত উদ্যোগ নেবে সরকার: পরিবেশমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

মানব-হাতি সংঘাত কমাতে সমন্বিত উদ্যোগ নেবে সরকার: পরিবেশমন্ত্রী
ছবি: সংগৃহীত

মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে সরকার কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, হাতি সংরক্ষণ কেবল একটি প্রাণীর সংখ্যা রক্ষার বিষয় নয়; এর সঙ্গে হাতির আবাসস্থল ও চলাচলের করিডোর সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং হাতির বিচরণ এলাকায় বসবাসকারী মানুষের নিরাপত্তা ও জীবিকার বিষয়ও সরাসরি জড়িত।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে ‘হাতি সংরক্ষণ: বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের বন্য হাতি দেশের প্রাকৃতিক ঐতিহ্য ও প্রতিবেশব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে এ প্রাণীটির অস্তিত্ব গুরুতর সংকটের মুখে পড়েছে। দেশের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বন্য হাতির বিচরণ রয়েছে। ২০১৬ সালের হিসাবে দেশে আনুমানিক ২৬৮টি হাতি ছিল। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ১৪৬টি হাতির মৃত্যু হয়েছে।

তিনি বলেন, হাতির আবাসস্থল ও চলাচলের করিডোর সংকুচিত হয়ে যাওয়া, বন উজাড়, খাদ্যসংকট, সড়ক ও রেলপথ নির্মাণ, জলবায়ু পরিবর্তন এবং অবৈধ বৈদ্যুতিক ফাঁদসহ বিভিন্ন কারণে দিন দিন মানব-হাতি সংঘাত বাড়ছে। হাতি লোকালয় কিংবা কৃষিজমিতে প্রবেশ করলে একই সঙ্গে মানুষ ও হাতি উভয়ই ঝুঁকির মধ্যে পড়ে। এ কারণে সংঘাতের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সংঘাতের ঝুঁকি কমাতে আগাম ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, হাতির আবাসস্থল ও ঐতিহ্যগত চলাচলের করিডোর রক্ষা, সংঘাতপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়া কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে হাতির বিচরণ এলাকায় স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।

হাতি সংরক্ষণে স্থানীয় জনগণকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সম্পৃক্ত করার ওপরও জোর দেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, এশীয় হাতির স্বাভাবিক চলাচল ও বিচরণের জন্য বিস্তৃত এলাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় হাতির আবাসস্থল এবং মানুষের বসতি ও কৃষিজমির মধ্যে সংঘাতের সম্ভাবনা বেশি। তাই হাতি সংরক্ষণ একটি জটিল ও সমন্বিত কার্যক্রম, যা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়।

এ ক্ষেত্রে বন অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, অবকাঠামো নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা, গবেষক এবং স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হাতির আবাসস্থল রক্ষা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী দুর্গম এলাকায় হাতি শিকার ও পাচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, এসব এলাকায় বন্য হাতি ও অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। এ জন্য বন অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সীমান্ত সড়কসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পরিকল্পনার প্রাথমিক পর্যায়েই হাতির ঐতিহ্যগত চলাচলের পথ বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে হাতিসহ অন্যান্য বৃহৎ বন্যপ্রাণীর নিরাপদ চলাচল ও সড়ক-রেলপথ পারাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। এতে একদিকে যেমন হাতির চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া কমবে, অন্যদিকে দুর্ঘটনা ও মানব-হাতি সংঘাতও কমানো সম্ভব হবে।

পরিবেশমন্ত্রী বলেন, হাতি সংরক্ষণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে এমন একটি কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে চায়, যেখানে মানুষের নিরাপত্তা, স্থানীয় জনগণের জীবিকা এবং বন্য হাতির সংরক্ষণ-তিনটি বিষয়ই সমান গুরুত্ব পাবে।