জাতীয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। বইটি বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগেরও নিন্দা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ভেরিফায়েড পাতায় দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি লেখেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা দেওয়ার ঘটনায় তিনি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তার ভাষ্য, বইটি কোনো নিষিদ্ধ বই নয়।
আসিফ নজরুলের দাবি, বইটি বিক্রিতে বাধা দেওয়া, ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং সেখানকার দুই কর্মীকে তুলে নেওয়ার ঘটনা বেআইনি ও অপরাধমূলক। এ বিষয়ে সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ২৮ সেপ্টেম্বর বিকেলে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে উত্তেজনার ঘটনা ঘটে। ইউপিএলের পক্ষ থেকে বলা হয়, কয়েকজন ব্যক্তি বইটিকে নিষিদ্ধ দাবি করে বিক্রি বন্ধের চাপ দেন। একপর্যায়ে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে দেওয়া হয় এবং দুই কর্মীকে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
আসিফ নজরুল তার পোস্টে অতীতের প্রসঙ্গ টেনে বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে বই বিক্রিতে বাধা দেওয়া এবং বই নিষিদ্ধ করার মতো বিভিন্ন ঘটনা ঘটেছে। সেসব ঘটনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটিয়ে শেখ হাসিনার পথ অনুসরণ করা হচ্ছে। এতে মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন সাবেক এই আইন উপদেষ্টা।