জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভিত্তি গড়ে দিয়েছেন জিয়াউর রহমান: জ্বালানিমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভিত্তি গড়ে দিয়েছেন জিয়াউর রহমান: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ভিত্তি গড়ে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বাংলাদেশের ইতিহাস যত দিন থাকবে, তত দিন ৭ নভেম্বরও ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর এ দিনের নায়ক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে এ দেশের সাধারণ মানুষ। এটি ছিল একটি জনযুদ্ধ, যেখানে দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। সেই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন। তিনি দেশ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে যথাযথভাবে জানতে হলে দেশের ইতিহাস পড়তে হবে। বিশেষ করে দলের নেতাকর্মীদের মধ্যে তাঁর জীবনী ও রাজনৈতিক দর্শন তুলে ধরতে হবে। একই সঙ্গে তাঁর আদর্শ রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করতে হবে।

জ্বালানিমন্ত্রী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। দেশের ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনায় এ দিনটির তাৎপর্য তুলে ধরতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোও জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।