রাজনীতি
একাত্তর থেকে আজ পর্যন্ত বিএনপি বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, বিএনপি একাত্তর সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে ভূমিকা পালন করে আসছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা দল হিসেবে বিএনপি কখনো ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসন সমর্থন করবে না। এমনকি দেশের জনগণও তাদের ফিরে আসার সুযোগ দেবে না বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি।
শামীম কায়সার লিংকন বলেন, যে দল দলীয় ও রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, সেই দলের পুনর্বাসন কিংবা রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। এ ধরনের রাজনৈতিক শক্তিকে আবারও প্রতিষ্ঠিত করার প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং দেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পাকাকরণের কাজ করছে। পাশাপাশি সরকারের নেওয়া বিভিন্ন পাইলট প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াও এগিয়ে চলছে।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী জেলা পরিষদের আয়োজনে গাইবান্ধা জেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। পরে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।
পরবর্তী সময়ে জেলা বিএনপির আয়োজনে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় যোগ দেন শামীম কায়সার লিংকন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।