রাজনীতি

ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি দেশ পুনর্গঠন ও পুনর্নির্মাণে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, সরকার গণতন্ত্রের আলোকে দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছে। তবে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীরাও বসে নেই। তাই সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, অতীতে বারবার ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। সেই ধারাবাহিকতায় এখনো ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে। তবে বাংলাদেশের মানুষ অতীতেও ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং ভবিষ্যতেও তা করতে সক্ষম হবে।

দেশের তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি তুলে ধরে আহমেদ আজম খান বলেন, গার্মেন্টস খাত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ শিল্প খাতে কীভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে এবং শিল্পটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে, তা সবারই জানা। এসব কর্মকাণ্ডের পেছনে ষড়যন্ত্রকারীরা সক্রিয় ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ অতীতেও নানা ষড়যন্ত্র ও সংকটের মধ্য দিয়ে এগিয়ে এসেছে। যখনই গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে, তখনই এ দেশের সাধারণ মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জনগণের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টাই বারবার দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার পথ তৈরি করেছে।

মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে সব ধরনের ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। আগামী দিনের পথচলায় ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব ষড়যন্ত্র ভেদ করে এগোতে হবে, ৭ নভেম্বরের শপথ হোক এটাই।’