জাতীয়
ডিজিটাল রাষ্ট্রের সুরক্ষায় সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইসিটি মন্ত্রী
ডিজিটাল সরকারের কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) এবং ডিজিটাল নাগরিক সেবার সুরক্ষা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল তৈরি এবং কার্যকর নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সহনশীল ডিজিটাল সরকারের জন্য সাইবার নিরাপত্তা: নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নেতাদের কৌশলগত সচেতনতা’।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা থেকে শুরু করে ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’-এ ধরনের উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা ক্রমেই প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। তবে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও নির্ভরশীলতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার হামলা, তথ্য চুরি এবং অন্যান্য নিরাপত্তাঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। ফলে ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই করতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার বিকল্প নেই।
সাইবার নিরাপত্তা জোরদারে তিনটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের কথা তুলে ধরেন ফকির মাহবুব আনাম। তিনি বলেন, প্রথমত, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নতুন অবকাঠামো ও প্রযুক্তি ব্যবস্থা তৈরির শুরু থেকেই সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অবকাঠামো নির্মাণের পর নিরাপত্তাব্যবস্থা যুক্ত করার পরিবর্তে পরিকল্পনা ও নকশা প্রণয়নের পর্যায় থেকেই এটিকে মৌলিক বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।
দ্বিতীয়ত, নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো তৈরি ও বাস্তবায়ন করতে হবে। ডিজিটাল রাষ্ট্রব্যবস্থায় জনগণের আস্থা প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, সাইবার নিরাপত্তাকে সরকারি ও প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ এবং বাজেটের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য দক্ষ জনবল, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং কার্যকর নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সাইবার হামলার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগে থেকেই ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের সক্ষমতা তৈরি করতে হবে। তাঁর ভাষায়, ‘আমরা প্রতিক্রিয়াশীল মনোভাব থেকে বেরিয়ে এসে প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে চাই। এস্তোনিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাব।’ পাশাপাশি সেমিনারে উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা তৈরির আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতো ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষাও বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধা ও দক্ষতার যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের সঙ্গে সাইবার নিরাপত্তার ঝুঁকিও নতুন মাত্রা পাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে আগাম প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের একজন প্রতিনিধি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ সেমিনারে বাংলাদেশের জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, বিদ্যমান সাইবার ঝুঁকি, সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং জরুরি সাড়া প্রদানকারী দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি সরকারি নেটওয়ার্কের সুরক্ষা, সাইবার হামলা শনাক্ত ও মোকাবিলা, দুর্যোগ-পরবর্তী তথ্যপ্রযুক্তি ব্যবস্থা পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক উঠে আসবে।
সেমিনারে এস্তোনিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাঁদের দেশের অভিজ্ঞতা, আন্তর্জাতিক উত্তম চর্চা এবং কারিগরি জ্ঞান তুলে ধরবেন। এ ছাড়া সাইবার নিরাপত্তা তদারকি, সাইবার কূটনীতি, ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং বাংলাদেশের সামগ্রিক সাইবার স্থিতিশীলতা জোরদারে করণীয় নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স: বাংলাদেশে ই-গভর্ন্যান্স ও ডিজিটাল জনসেবা ত্বরান্বিতকরণ’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, এ সেমিনারে অর্জিত অভিজ্ঞতা ও সুপারিশ বাংলাদেশের ডিজিটাল সরকারি সেবা আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও সাইবার হামলা মোকাবিলায় সক্ষম করে তুলতে সহায়ক হবে।