রাজনীতি

ঈদে ভারত গিয়ে শেখ হাসিনার হাতে মোরগ-পোলাও খেলেন জয়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০১:৫৬ পিএম

ঈদে ভারত গিয়ে শেখ হাসিনার হাতে মোরগ-পোলাও খেলেন জয়
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় ঈদ-উল- আজহার আগেই ভারতে এসেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে, জয় মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন। এখনও তিনি ভারতে রয়েছেন।

শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম পরিবারের কারও সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বর্তমানে নয়াদিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তায় সেফ হাউসে রয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, জয়ের বর্তমানে কোনও প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের কোনও পরিকল্পনা নেই। তার সফরসূচির বিস্তারিতও জানা যায়নি। জয়ের ভারত সফর এবং মায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

শেখ হাসিনার পরিবার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঈদুল আজহায় আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে সময় কাটিয়ে পরদিনই ফিরে গেছেন সজীব ওয়াজেদ জয়। এর আগে গত শুক্রবার রাতে এক সঙ্গীকে নিয়ে দিল্লিতে পৌঁছান জয়। গোপন আশ্রয়ে একমাত্র পুত্রকে সামনে পেয়ে বিহ্বল হয়ে পড়েন শেখ হাসিনা। অশ্রুসজল চোখে মাকে আঁকড়ে ধরেন জয়ও।

ভারতীয় সংবাদমাধ্যম আরও জানায়, মায়ের হাতের মোরগ পোলাও খেতে বড্ড ভালোবাসেন জয়। তাই ঈদের দিন সকালেই রান্নাঘরে হাঁড়ি-হাতা-খুন্তি নিয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতে রাঁধা ছেলের প্রিয় মোরগ পোলাও। সঙ্গে ছিল মাছ, সবজি ও ডাল। জয়ও তারিয়ে তারিয়ে খেয়েছেন মোরগ পোলাও। আর এক টুকরো ‘রান’ (লেগপিস) যাতে নেন ছেলে, মৃদু জোরাজুরিও করেন হাসিনা। জয় বলেন, ‘আর না... আর পারব না, প্লিজ়!’

সূত্র জানায়, এ সফরে জয়ের কোনও রাজনৈতিক বা প্রকাশ্য কর্মসূচি ছিল না। ভারত সরকার থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সফরটি সম্পূর্ণরূপে ব্যক্তিগত ও পারিবারিক ছিল বলে মনে করছে দিল্লির কূটনৈতিক মহল।

ঈদের ছুটি কাটিয়ে রোববারই ভার্জিনিয়ার উদ্দেশে দিল্লি ছাড়েন জয়। এই সফরের সময়সীমা ও বিষয়বস্তু নিয়ে আওয়ামী লীগের নেতারা মুখ না খুললেও, এটিকে ‘ব্যক্তিগত যোগাযোগ’ হিসেবেই দেখছেন তারা।

উল্লেখ্য, এর আগে গত ঈদুল ফিতরের সময়ও শেখ হাসিনা জয়কে রান্না করে মোরগ-পোলাও পাঠিয়েছিলেন। দিল্লি থেকে এক পরিচিতজনের মাধ্যমে পাঠানো সেই খাবার ভার্জিনিয়ার ওয়াজেদ কনসালটেন্সি ইনকর্পোরেট অফিসে পৌঁছালে জয় খুশি হয়ে সেটি গ্রহণ করেন।

জয়ের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, এই সফর ছিল একান্তই সংক্ষিপ্ত এবং পারিবারিক। তবে মাসের শেষ দিকে দিল্লি বা কলকাতায় তার আরেকটি সফর হতে পারে, যা সম্ভবত সরকারি প্রকৃতির হবে।