রাজনীতি
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী: ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। এর পাশেই প্রস্তুত রাখা হয়েছে একটি জলকামান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি রাখা হয়েছে বলে জানা গেছে।
সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে কাউকে ফুল দিতে আসতে দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সকাল থেকে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
ধানমন্ডি ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ও এলাকায় প্রবেশের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে। ১৫ আগস্টকে কেন্দ্র করে আজ সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে।