রাজনীতি
জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে নির্বাচন মূল্যহীন: জামায়াত আমির
বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সেই নির্বাচন কোনোভাবেই অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, “বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচনের কোনো কার্যকারিতা থাকবে না। জনগণের মতামত উপেক্ষা করে আয়োজন করা নির্বাচনের ফলাফল মূল্যহীন হবে।”
তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং এই লড়াইয়ে জামায়াতে ইসলামি জনগণের পাশে থাকবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান তিনি।
এগুম হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী সেনা হোক বা সাধারণ নাগরিক-অপরাধ করলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।”
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতিতে আয়োজিত এই সংবাদ সম্মেলন শেষে তিনি লুটন শহরে একটি সমাবেশে যোগ দেন। সেখানে জুমার নামাজ আদায় শেষে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বক্তব্য রাখেন। পরে তিনি বার্মিংহ্যাম ও লেস্টার শহরে আরও দুটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
শনিবার সকালে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে জামায়াত আমিরের।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে জামায়াতে ইসলামির মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, দলটির প্রতিনিধি ও ‘সেভ বাংলাদেশ’-এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম, এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।