রাজনীতি
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা-১৫ আসনে জামায়াতের পক্ষ থেকে মনোনয়নপত্র এদিন সংগ্রহ করা হয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর নির্ধারিত রয়েছে।
এর আগে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে আসনটি থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে ঢাকা-১৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসন থেকে এদিন পর্যন্ত মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংসদ নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে ১২ ফেব্রুয়ারি, যখন গণভোট অনুষ্ঠিত হবে।