রাজনীতি
ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার
বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেছেন, সংবিধান সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করে দলটি ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে।
রোববার (৫ এপ্রিল) বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেলের নির্বাচনি ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে ৩৩টি রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়। এই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে রাষ্ট্রপতির আদেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।
তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি তা মানেনি। বরং দলটি এখন সংবিধান সংস্কার আদেশ বাতিলের প্রস্তাব তুলে গণভোটের ফলাফলকে অস্বীকার করছে, যা তিনি জাতির সঙ্গে প্রতারণা হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রায় পাঁচ কোটি ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির অবস্থান প্রত্যাখ্যান করেছে। কিন্তু দলটি সেই রায় না মেনে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
নির্বাচনী পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, বগুড়া উপনির্বাচনে সরকারি দলের সমর্থকেরা জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।