রাজনীতি

বিদ্যুৎ-জ্বালানির দাম না কমালে ‘জনগণের রুদ্ররূপ’ দেখার প্রস্তুতি নিন: জামায়াত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:৪৩ পিএম

বিদ্যুৎ-জ্বালানির দাম না কমালে ‘জনগণের রুদ্ররূপ’ দেখার প্রস্তুতি নিন: জামায়াত
ছবি: সংগৃহীত

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিদ্যুৎ ও জ্বালানির দাম না কমালে ‘জনগণের রুদ্ররূপ’ দেখার জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরও বেড়েছে, যার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। তারা দ্রুত বিদ্যুতের দাম কমানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে অনিয়ম বন্ধের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের শুরু থেকেই ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি তারা। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও অল্প সময়ের মধ্যেই তা ভঙ্গ করা হয়েছে, যার ফলে দেশের কোটি কোটি গ্রাহকের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাপাসিটি চার্জের নামে বিপুল পরিমাণ অর্থ ব্যয় বন্ধ না করে তার দায় জনগণের ওপর চাপানো হয়েছে। স্বল্প সময়ের গণশুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, যা কারিগরি সুপারিশের চেয়েও বেশি। এর প্রভাব পরিবহন, উৎপাদন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারসহ সব খাতে পড়েছে।

অর্থনৈতিক নীতির সমালোচনা করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ সরকার আন্তর্জাতিক শর্ত মানতে গিয়ে মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। একই সঙ্গে ব্যাংক খাতে অনিয়ম ও লুটপাটের অভিযোগও তোলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, নাগরিক হিসেবে দেশের অর্থনীতি ও ব্যাংক খাত নিয়ে কথা বলার অধিকার সবার আছে। তিনি অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানো এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সমাবেশ শেষে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।