রাজনীতি

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা সেই জামায়াতের এমপির বাবা এখনো জীবিত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১০ পিএম

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা সেই জামায়াতের এমপির বাবা এখনো জীবিত
ছবি: সংগৃহীত

নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।

গত রবিবার (১৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন। তবে পরে জানা যায়, তার বাবা-মা দুজনই এখনো জীবিত।

তথ্য অনুযায়ী, আব্দুল মুনতাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম বর্তমানে জীবিত আছেন এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গে বসবাস করছেন।

বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম তার বক্তব্যে ভুলের কথা স্বীকার করেন। তিনি জানান, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল তথ্য উপস্থাপন করেছেন। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

এদিকে তার নির্বাচনি হলফনামা অনুযায়ী, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালে, যা মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর। হলফনামায় আরও উল্লেখ রয়েছে, তার বাবা-মা উভয়ই জীবিত।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। ১৯৮১ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণকারী একজন ব্যক্তির ‘শহীদের সন্তান’ দাবি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।