রাজধানী

রাজধানীর পল্লবীতে বাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

রাজধানীর পল্লবীতে বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে সিরামিক রোডে সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে।

মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজসংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা বাসটিতে আগুন লাগে। সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুনের ঘটনা ঘটেছে কিংবা এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পরিস্থিতান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন।

তিনি জানান, আগুনে পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো ব ১১ ৮৭০৩।

এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে কি না জানতে চাইলে মহিতুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।

এর আগে শুক্রবার রাজধানীর সাতটি স্থানে হাতবোমার বিস্ফোরণ এবং একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।