খেলা

ভারতের কাছে হেরে এশিয়ান গেমসের ফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

ভারতের কাছে হেরে এশিয়ান গেমসের ফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার (২০ সেপ্টেম্বর) নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে ভারতের কাছে ১১৪ রানে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের দেওয়া ১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গিয়ে এখন ব্রোঞ্জের জন্য লড়তে হবে টাইগ্রেসদের।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশি বোলারদের চাপে রাখেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। উদ্বোধনী জুটিতে মাত্র ২৮ বলেই ৫০ রান তুলে নেয় ভারত। ১৯ বলে ৩৭ রান করে মান্ধানা সাজঘরে ফিরলেও শেফালির ব্যাটিংয়ে ভারতের রান তোলার গতি কমেনি।

এরপর অধিনায়ক হারমানপ্রিত কৌরকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বোলিং আক্রমণের ওপর আরও চড়াও হন শেফালি। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করার পর আরও ভয়ংকর হয়ে ওঠে তাঁর ব্যাট। একের পর এক বাউন্ডারি ও ছক্কায় বাংলাদেশের বোলারদের নাস্তানাবুদ করে মাত্র ৪৯ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৪৯ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শেফালি।

শেফালির সঙ্গে হারমানপ্রিত কৌরের জুটিও ভারতের বড় সংগ্রহ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃতীয় উইকেটে মাত্র ৩৬ বলে ৯৪ রান যোগ করেন দুজন। ৩৩ বলে ৪০ রান করে হারমানপ্রিত আউট হলেও ততক্ষণে বড় সংগ্রহের ভিত তৈরি হয়ে যায় ভারতের। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। ফলে ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে দাঁড়ায় ১৯৬ রানের কঠিন লক্ষ্য।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই কোনো রান না করে আউট হন জুইরিয়া ফেরদৌস। মাত্র ৯ রানের মধ্যেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ারপ্লের শেষ দিকে আরও একটি উইকেট হারালে ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৯ রান।

এরপরও পরিস্থিতি বদলাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দিলারা আক্তার ২৩ বলে ২৭ রান করে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা ৯ রান এবং শারমিন আক্তার ১০ রান করেন। শেষদিকে সুলতানা খাতুন ৮ বলে অপরাজিত ১২ রান করলেও তা দলের বড় পরাজয় ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না।

শেষ পর্যন্ত ১৫.৪ ওভারেই মাত্র ৮১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে নন্দিনী শর্মা ও দীপ্তি শর্মা ৩টি করে উইকেট শিকার করেন। শ্রী চরাণি মাত্র ৭ রান খরচ করে নেন ২টি উইকেট। এ ছাড়া ক্রান্তি গৌড় ও শ্রেয়াঙ্কা পাটিল একটি করে উইকেট পান।

এই জয়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। স্বর্ণপদকের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে সেমিফাইনালে বড় ব্যবধানে হেরে স্বর্ণপদকের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। এখন টুর্নামেন্টে ব্রোঞ্জপদকের জন্য লড়াই করবে টাইগ্রেসরা।