রাজনীতি
অপ্রতিমের বয়সের সংখ্যা সরকারি ভবনের কপালে লিখে দিতে চান দুদু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের বয়সের সংখ্যা ‘১৩’ সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দিতে চান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে শামসুজ্জামান দুদু লেখেন, অপ্রতিমের বয়স ১৩। এই সংখ্যাকে শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দিতে চান তিনি।
এর ব্যাখ্যায় তিনি বলেন, ১৩ বছর বয়সে একটি ছেলের পৃথিবী হওয়ার কথা ছিল স্কুলের মাঠ, বন্ধুর মুখ, মায়ের রান্নাঘর, পরীক্ষার খাতা আর ভবিষ্যৎ নিয়ে অসংখ্য স্বপ্ন। অথচ এই দেশ তাকে তার ভবিষ্যৎসহ গিলে ফেলেছে। এখন আমরা সভ্য মানুষের মতো বসে তার মৃত্যুর কারণ খুঁজছি।
শুক্রবার বেলা আড়াইটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালান।
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।