রাজনীতি

এমপি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

এমপি নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
ছবি: সংগৃহীত

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেলে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশনে এই চিঠি পাঠান। একইসঙ্গে এর অনুলিপি পাঠানো হয়েছে স্পিকারের কাছেও।

চিঠিতে উল্লেখ করা হয়, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে দলের অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তার নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২২ জুলাই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠিটি পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিন্ন অবস্থান জানানো হয়েছে। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কোনো দল থেকে বহিষ্কারের চিঠির ভিত্তিতে কমিশনের সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। এ ধরনের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হলে জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে চিঠি আসতে হবে।

তিনি আরও জানান, সংবিধানে দলীয় বহিষ্কারকে সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়নি। সেখানে শুধুমাত্র পদত্যাগের বিষয়টি স্পষ্টভাবে বলা রয়েছে।