রাজনীতি
যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন, বিএনপিকে জামায়াতের আমির
বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন। এই পথ শেষ পর্যন্ত পালানোর পথ।” তিনি দাবি করেন, অতীতে যারা এ পথে হেঁটেছে, তাদের শেষ পরিণতিও একই হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শফিকুর রহমান বলেন, “এই পথে হাঁটলে কেউ মক্কায় যেতে পারবে না, বরং দিল্লির দিকে চলে যাবে। এই দেশের মানুষ কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেবে না।” তিনি আরও বলেন, দেশের মানুষ বিদেশি প্রভাবমুক্ত একটি স্বাধীন অবস্থান চায়।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায় অগ্রাহ্য করলে কেউ টিকে থাকতে পারে না। “গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন,”—এমন মন্তব্য করে তিনি রাজনৈতিক দলগুলোকে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
ক্ষমতার স্থায়িত্ব নিয়েও সতর্ক করে তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। “আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, আবার সময় হলে সরিয়েও দেন,”—যোগ করেন তিনি।
ফ্যাসিবাদ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এটি একটি ভাইরাসের মতো, যা কোনো নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ নয়। “এক ফ্যাসিবাদীকে তাড়িয়ে দেশের মানুষ আরেক ফ্যাসিবাদী দেখতে চায় না- বলেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, প্রয়োজন হলে আবারও মানুষকে রাজপথে নামতে হতে পারে। “জাতির প্রয়োজনে আমরা বারবার রাস্তায় নামতে প্রস্তুত।
সমাবেশে তিনি সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের শিশু, নারী, যুবক ও বয়স্কসহ সব ধর্ম ও বর্ণের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, সেটিই তাদের প্রত্যাশা।