রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের জন্যই রক্ত দিয়েছি, গদি বসানোর জন্য নয়: ফারুক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৮:২৪ এএম

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের জন্যই রক্ত দিয়েছি, গদি বসানোর জন্য নয়: ফারুক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, "আমরা রক্ত দিয়েছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের জন্য, আপনাদের গদিতে বসানোর জন্য নয়। কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন চায়, কেউ আবার পিআর পদ্ধতির কথা বলছে। হায়রে কপাল! আগে প্রমাণ করুন, আপনাদের কতটুকু জনসমর্থন আছে।"

রবিবার (৬ জুলাই) বিকেলে নোয়াখালীর সেনবাগে বিএনপির এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমাদের আর কষ্ট দেবেন না। আমাদের নেতাকর্মীদের আবারও রাজপথে নামতে বাধ্য করবেন না।"

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবি এম জাকারিয়া, সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ।

অন্যান্য নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সাবেক সহ-সভাপতি আবু ইউসুফ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা এ সময় অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেন এবং বর্তমান সরকারের পদত্যাগ দাবি জানান। বক্তৃতার এক পর্যায়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।