রাজনীতি

ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরবে: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম

ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমেই দেশ গণতন্ত্রে ফিরে আসবে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সফরে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফেরাত এবং চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। আমরা আশাবাদী, সেই লড়াই সফল হতে চলেছে। ইতোমধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেখানে ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়েই দেশ গণতন্ত্রের পথে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “বিগত ১৫ বছরে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজারকে হত্যা করা হয়েছে, ১৭শ' জনকে গুম করা হয়েছে। এসব নিপীড়নের মধ্যেও আমরা লড়াই চালিয়ে গেছি। সিলেটের সাহসী নেতা এম. ইলিয়াস আলীর গুম তার বড় প্রমাণ।”

জুলাই ও আগস্টে নিহত ও আহত কর্মীদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, “এই আন্দোলন যারা চালিয়ে গেছেন, যারা জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা কৃতজ্ঞ। এই রক্তের বিনিময়েই গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।”

মির্জা ফখরুলের বক্তব্যে আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির প্রত্যাশা ও প্রস্তুতির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। দলটি মনে করছে, দেশের মানুষ আর স্বৈরাচারের শাসন দেখতে চায় না, তারা ভোটাধিকার ও ন্যায্য গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চায়।