রাজনীতি

নিষিদ্ধ ছাত্র সংগঠন সহিংসতা উসকে দিচ্ছে: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৩৩ এএম

নিষিদ্ধ ছাত্র সংগঠন সহিংসতা উসকে দিচ্ছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের কিছু সদস্য জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে সহিংসতা উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান লেখেন, "জাতির এই শোকের সময়ে আমি সব গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের ওপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।"

তিনি আরও বলেন, "নিষিদ্ধঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। আমি এই সব গোষ্ঠীকে অনুরোধ করব—বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন।"

তারেক রহমান বলেন, এই পরিস্থিতিতে আমাদের উচিত জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়া, সহানুভূতি ও একতা প্রদর্শন করা। আমাদের মনোযোগ যেন থাকে নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্তে সহযোগিতা করার দিকে।

তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, “প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের পাশে আমাদের হৃদয়ের সব অনুভূতি। বাংলাদেশকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতির মাধ্যমে মোকাবিলা করতে হবে।”