রাজনীতি
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিএনপির বিজয় শোভাযাত্রা
জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় বিজয় শোভাযাত্রা আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বিজয় শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। শোভাযাত্রার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুরো আয়োজনের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মীরা মাথায় নানা রঙের ক্যাপ পরে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকেও হাজারো নেতাকর্মী এসে যোগ দেন এ আয়োজনে।
পিকআপ ভ্যানে চড়ে শোভাযাত্রায় অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়া যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শোভাযাত্রায় অংশ নেন। বিজয়ের স্মারক হিসেবে আয়োজিত এই শোভাযাত্রাকে ঘিরে পুরো নয়াপল্টন ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দলটির নেতারা বলছেন, এই শোভাযাত্রা শুধুই একটি স্মারক নয়, এটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে একটি শক্তিশালী বার্তাও বটে।