রাজনীতি
দুর্ভিক্ষ এলে উপদেষ্টারা হাঁস খেলেও জনগণ পারবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্ভিক্ষ এলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হয়তো বিভিন্ন জায়গায় হাঁস খেতে পারবেন, কিন্তু সাধারণ জনগণ তা পারবে না। মানুষের খুদার সঙ্গে রাজনীতি করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যানচালকদের মধ্যে বৃষ্টির পোশাক বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “৫ আগস্টের পর যে অর্জন এসেছে তা ধরে রাখতে হবে। ছোটখাটো বিষয়ে মতপার্থক্য তৈরি করে যেন ১৫-১৬ বছরের দুর্বিষহ দিন আবার ফিরে না আসে। হাসিনার পরিবারের রাজত্বের পুনরাবৃত্তি ঠেকাতে হলে সব দলের মধ্যে ঐক্য থাকা জরুরি।”
অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, “সরকারের আন্তরিকতার অভাব নেই। দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে এলেও কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। দিন দিন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কর্মসংস্থান না থাকলে দুর্ভিক্ষের আলামত দেখা দেয়। উপদেষ্টারা দু-এক জায়গায় হাঁস খেয়ে বেঁচে থাকতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ তা পারবে না। কর্মসংস্থান টিকিয়ে রাখতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।”
জুলাই সনদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “সুপারিশ আসবে, প্রয়োজনে আইন সংশোধন করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। এগুলো নির্বাচিত সংসদই করবে। একটি দল আগেভাগে গণভোটের দাবি তুলছে, কেন? সংবিধানের মূলনীতিতে পরিবর্তন আনতে হলে তা নির্বাচিত সরকারকেই করতে হবে।”
সরকার যদি অবৈধ অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচন হুমকির মুখে পড়বে বলেও সতর্ক করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।