রাজনীতি
নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানাল বিএনপি
ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের রাজনৈতিক সংকটের সমাধান করতে হলে নির্বাচনই একমাত্র পথ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই সামনে এগোনোর প্রস্তুতি নিচ্ছে সংবিধান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি।
রোডম্যাপ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, “দেশের সমস্যাগুলোর সমাধানে অবাধ, সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। যারা নির্বাচনকে ঘিরে বর্জনের ডাক দিচ্ছেন কিংবা বাধা দেওয়ার চেষ্টা করছেন, তারাই নিজেদের রাজনৈতিকভাবে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন।”
মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করেন, এবার দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পাবে।
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক দল হিসেবে অতীতেও আমরা নির্বাচনকালীন সরকারকে সহযোগিতা করেছি। এবারও দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রস্তুত।”
উল্লেখ্য, এর আগে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের এক বৈঠকে নির্বাচনের সময়কাল নিয়ে একটি প্রাথমিক রূপরেখা উঠে আসে। এরপর জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারপ্রধানও নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ইঙ্গিত দেন। এখন নির্বাচন কমিশনের রোডম্যাপ সেই ধারাবাহিকতাই নিশ্চিত করল।