রাজনীতি

শিলংয়ে আমাকে পাগলাগারদে পাঠানো হয়: সালাহউদ্দিন আহমেদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম

শিলংয়ে আমাকে পাগলাগারদে পাঠানো হয়: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরা এলাকায় একটি বাসা থেকে গুম হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পরিবার অভিযোগ করে, তাকে তুলে নিয়ে গিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তী সময়ে, ১১ মে ২০১৫ সালে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তার সন্ধান পান এবং তাকে উদ্ধার করেন।

সালাহউদ্দিন আহমেদ সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারি প্রকল্পের অংশ হিসেবে সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। শনিবার (১১ অক্টোবর) তিনি সেই সীমান্ত এলাকা ঘুরে দেখেন এবং সেই সময়ের ভয়াল স্মৃতির কথাগুলো ফিরে জানান।

তিনি জানান, “যেদিন আমাকে চোখ বেঁধে নেওয়া হয়েছিলো, তখন আমি কিছুই বুঝতে পারিনি। আমি জানতাম না যে, আমাকে সীমান্ত পার করা হবে। ভেবেছিলাম হয়তো আমাকে ক্রসফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে আজ সেই পথ ঘুরে দেখার পর মনে হচ্ছে, সেদিন ঠিক এই রাস্তা দিয়েই আমাকে শিলংয়ে নেওয়া হয়েছিল।’’

সালাহউদ্দিন আরও বলেন, “শিলংয়ে চোখ খুলে আমি বুঝতে পারি, হয়তো আমাকে ছেড়ে দেওয়া হচ্ছে। মুক্ত হওয়ার পর স্থানীয় পথচারী এবং এলাকাবাসীর সাহায্যে আমি পুলিশের কাছে পৌঁছাই। কিন্তু এরপর আমাকে পাগলাগারদে পাঠানো হয়। তখন মনে হয়েছিল, হয়তো বাকি জীবনটুকু আমাকে এখানেই কাটাতে হবে।’’

তিনি এও উল্লেখ করেন যে, সেই সময়ের আতঙ্ক এবং অজানা ভবিষ্যতের ভয় তার জীবনে গভীর ছাপ রেখেছে। পরিদর্শনের সময় তিনি বলেছিলেন, এই অভিজ্ঞতা স্মরণ করে তিনি আবারও উপলব্ধি করেছেন যে, মানুষের জীবন কখনোই নিরাপদ নয়, বিশেষ করে রাজনৈতিক সংবেদনশীল সময়ে।