রাজনীতি
জুলাই সনদে অফিসে শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বহাল থাকায় বিএনপির ক্ষোভ
জুলাই জাতীয় সনদের চূড়ান্ত সংস্করণে ‘শেখ মুজিবুর রহমানের ছবি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান’ বিলুপ্ত না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ক্ষোভ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, “প্রিন্টেড বই আকারে জুলাই জাতীয় সনদের কপি হাতে পাওয়ার পর আমরা বিস্মিত হয়েছি। ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পরিবর্তন বা সংশোধন করা হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “বিশেষ করে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি-বেসরকারি অফিসে টাঙানোর বিধান [অনুচ্ছেদ ৪ (ক)] বিলুপ্ত করার বিষয়ে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও সেটি সনদের চূড়ান্ত কপিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এটি আমাদের সঙ্গে করা একটি মৌলিক প্রতিশ্রুতির লঙ্ঘন।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “এছাড়া সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদে থাকা পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সম্পূর্ণ বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবও উপেক্ষা করা হয়েছে। প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতি দিলেও অগোচরে সনদের চূড়ান্ত সংস্করণে সংশোধনী আনা হয়েছে।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
দলের নেতারা অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদের এই সংশোধনীগুলো রাজনৈতিক ঐকমত্যকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সরকারঘনিষ্ঠ মহলের একতরফা সিদ্ধান্ত হিসেবে প্রতীয়মান হচ্ছে। তারা বলেন, “যদি সনদের প্রকৃত উদ্দেশ্য জনগণের ঐক্য ও সংবিধান সংস্কার হয়, তবে এই ধরনের গোপন পরিবর্তন গণতান্ত্রিক বিশ্বাসের পরিপন্থী।”
বিএনপি জানিয়েছে, দলীয় ফোরামে আলোচনার পর তারা সনদের সংশোধিত সংস্করণ নিয়ে আনুষ্ঠানিক অবস্থান ঘোষণা করবে।