রাজনীতি

‘জামায়াতের ওষুধ আওয়ামী লীগ’ চিকিৎসা সেবার অনুষ্ঠানে মির্জা আব্বাসের মন্তব্য


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

‘জামায়াতের ওষুধ আওয়ামী লীগ’ চিকিৎসা সেবার অনুষ্ঠানে মির্জা আব্বাসের মন্তব্য
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আওয়ামী লীগের মতোই একটি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা এখন ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। কিন্তু এভাবে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না।”

তিনি আরও বলেন, “কোনো ভদ্রলোকের সঙ্গে তারা কাজ করতে পারে না। আওয়ামী লীগ যেমন একটি অভদ্র দলের নাম, তেমনি তারাও একটি অসভ্য দল। তারা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামের মূল চেতনাকে ধারণ করে না।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ হয়তো খুব বেশি শিক্ষিত নয়, তবে তারা বোকাও নয়; পরিস্থিতি বুঝতে সক্ষম।

অনুষ্ঠানের শেষে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও মঙ্গল কামনা করে দোয়া চান।