রাজনীতি
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
কারিগরি জটিলতার কারণে শেষ মুহূর্তে স্থগিত হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা। তার চিকিৎসার জন্য কাতারের আমিরের সৌজন্যে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে আসতে পারেনি। ফলে তার বিদেশগামী প্রক্রিয়া এক দিন পিছিয়ে গেল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করে জানান, সবকিছু স্বাভাবিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় আসতে পারে।
বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার যাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল, এমনকি প্রস্তুতিও চূড়ান্ত হয়েছে বলে খবর মিলেছিল। কিন্তু শুক্রবার সকালে মির্জা ফখরুল জানান, পরিকল্পনায় পরিবর্তন এসেছে।
তিনি বলেন, কারিগরি সমস্যার কারণে নির্ধারিত বিমানে বিলম্ব হয়েছে। আশা করছি শনিবার এটি পৌঁছাবে। তবে ফ্লাইট কখন ছাড়বে, তা সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। তিনি বলেন, “ম্যাডামের স্বাস্থ্য যদি অনুমতি দেয় এবং চিকিৎসকরা সম্মত হন, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখই তিনি রওনা হবেন।”