রাজনীতি

এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন: মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম কঠিন লড়াই হিসেবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, তফসিল ঘোষণা দেশের জন্য নতুন করে রাষ্ট্রগঠনের পথ উন্মুক্ত করেছে। এবারের নির্বাচন অতীতের মতো নয়; এটি হবে নিরপেক্ষ ভোটের একটি নতুন অধ্যায়। নির্বাচন জিততে হলে জনগণের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস অর্জন করাই হবে মূল চাবিকাঠি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি, যা দেশকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। এই নির্বাচন কেবল রাজনৈতিক লড়াই নয়; এটি পেছনে টেনে রাখার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তির লড়াই।

বিএনপি মহাসচিব বলেন, নতুন কয়েকটি রাজনৈতিক দল বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু দেশের যেসব বড় সংস্কার ও উন্নয়নের ধারা তৈরি হয়েছে, সেগুলোর নেতৃত্ব বিএনপিই দিয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়- “দেশের সব ভালো অর্জনই বিএনপির হাত ধরেই এসেছে।”