রাজনীতি

অধিকার প্রতিষ্ঠার নির্বাচনী মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো: তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম

অধিকার প্রতিষ্ঠার নির্বাচনী মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের গ্রাম-গঞ্জ, শহর-নগর ও রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার যে নির্বাচনী মিছিল হবে-সেখানে তিনি নিজেও জনগণের সঙ্গে থাকবো।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ইতিহাস প্রমাণ করেছে- ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫-এর ৭ নভেম্বর, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জনগণ ঐক্যবদ্ধ থাকলে বিজয় অবশ্যম্ভাবী। তিনি দৃঢ়ভাবে বলেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, জনগণের ক্ষমতায়নের পূর্বশর্ত হলো জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা। এ কারণেই বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অনড়। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, গণতন্ত্রকামী সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করা সেই ষড়যন্ত্রেরই অংশ।

তারেক রহমান সতর্ক করে বলেন, দেশি-বিদেশি অপশক্তি মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ভয় দেখিয়ে গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখা যাবে না।

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীন দেশ। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা লজ্জাজনক ও ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি প্রতিশোধ নয়, বরং ‘বিজয়ের সুফল’ প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।